ভালুকায় সেনা অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

ভালুকায় সেনা অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার জীবনতলা বাজারসংলগ্ন হাফিজ উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে এই অভিযান পরিচালিত হয়। হাফিজ উদ্দিন উপজেলার হবিবাড়ী ইউনিয়নের কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক।

বিজ্ঞাপন

সূত্রে জানা যায়, অভিযান চলাকালে হাফিজ উদ্দিনের বাড়ির পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি ৯ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো বসতঘর থেকে প্রায় ৪০ ফুট দূরে লুকানো ছিল।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে এবং পরে পুলিশকে বিষয়টি অবগত করে। পরে উদ্ধার হওয়া অস্ত্র সরাসরি হাফিজ উদ্দিনের হেফাজত থেকে না পাওয়ায় তাকে প্রাথমিক অনুসন্ধানের পর ছেড়ে দেওয়া হয়েছে।

ওসি আরও জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ফাঁসানোর উদ্দেশ্যে কেউ তার বাড়ির পাশে অস্ত্রটি রেখে যেতে পারে। অস্ত্রটি অকেজো বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে। তাই হাফিজ উদ্দিনকে তার ভাইয়ের জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন