আওয়ামী লীগের দুই নেতার নেতৃত্ব ধারার কোন্দলে বন্ধ ছিল নৌকা বাইচ। অবশেষে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কুমার নদে শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রামীণ মেলা ও নৌকা বাইচ। দীর্ঘ প্রায় ১৪ বছর পর নৌকা বাইচ হতে যাচ্ছে এমন খবরে ভাঙ্গা উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলাগুলোতে বইছে নৌকাপ্রেমীদের মধ্যে উচ্ছাস আনন্দের বন্যা।
মেলার আয়োজন করেছে ভাঙ্গা উপজেলা বিএনপি ও বাজার বণিক সমিতি। উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক মেলার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে নিরাপত্তা কর্মীদের সাথে দায়িত্ব পালন করবেন। র্যাবের স্ট্রাইকিং ফোর্স বিশেষ নিরাপত্তায় থাকছেন বলে মেলার নিরাপত্তা সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রতিবছর সনাতন হিন্দু সম্প্রদায়ের বিশ্বকর্মা পূজা উপলক্ষে এ নৌকাবাইচের আয়োজন করা হয়। কিন্তু স্থানীয় সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও কাজী জাফর উল্লাহর দলীয় কোন্দলের সূত্রতায় দীর্ঘদিন পর্যন্ত বন্ধ ছিল নৌকা বাইচ।
বিএনপি সরকার গঠনের পর স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এমপির কাছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতাকর্মীরা নৌকা বাইচ ও গ্রামীণ মেলার আবেদন জানানোর পর আইনশৃঙ্খলা সভায় চুড়ান্ত সীদ্ধান্ত গৃহীত হয় নৌকা বাইচের।
এদিকে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে ঘিরে ইতিমধ্যে নদীর তীরে উৎসুক মানুষের ভিড় বাড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেলার দোকানপাট পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। নৌকা বাইচকে ঘিরে ভাঙ্গার জনপদ জুড়ে চলছে উৎসবের আমেজ।
নৌকা বাইচ আয়োজক কমিটির সদস্যদের মতে, ঐতিহ্যবাহী এই আয়োজনকে কেন্দ্র করে কুমার নদে লাখো মানুষের সমাগম ঘটবে। হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতির এক প্রাণবন্ত অধ্যায় আবারও ফিরে আসবে বলে অভিমত সংশ্লিষ্টদের।
নৌকা বাইচে অংশ গ্রহণ করতে ইচ্ছে পোষণকারী নাজমুল ইসলাম জানান, তিনি ১২০ হাত লম্বা একটি বাচারি নৌকা নিয়ে আগামীকাল বাইচ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন। তার মাঝি মাল্লাদের এবং বাইছাদের শারীরিক কসরত দিয়ে তিনি এবং তার দলের লোকজন প্রথম হবে বলে মতামত ব্যক্ত করেন।
নৌকা বাইচ উদযাপন কমিটির সদস্য সচিব ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম জানিয়েছেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক প্রতিমন্ত্রী ওমর খৈয়াম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়েবা ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
এমপি শহিদুল ইসলাম খান বাবুল বলেন, নৌকা বাইচ প্রতিযোগিতা গ্রাম বাংলার দীর্ঘদিনের ঐতিহ্য। দীর্ঘদিন পর ভাঙ্গা উপজেলার কুমার নদী নৌকা বাইচ হতে যাচ্ছে এখবরে চারদিকে উত্সব আনন্দের সৃষ্টি হয়েছে। শান্তি পূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে নৌকা বাইচ অনুষ্ঠিত হোক এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-bd838f-720x405.webp)