স্কুলের ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে ৫ শিক্ষার্থী আহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

স্কুলের ক্লাস চলাকালে সিলিং ফ্যান পড়ে ৫ শিক্ষার্থী আহত
ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত পাঁচশিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি শ্রেণিকক্ষে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। আহত অন্য শিক্ষার্থীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মশিউর রেজা সজীব জানান, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তিনি বিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন। ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই হঠাৎ করে ওপর থেকে সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। সৌভাগ্যক্রমে ফ্যানটি কারও মাথায় পড়েনি। তবে এতে অন্তত পাঁচজন শিশু শিক্ষার্থী আহত হয়।

তিনি বলেন, “ফ্যানটি যদি সরাসরি কারও মাথায় পড়ত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।”

আরেক প্রাক্তন শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আবু জাফর বলেন, প্রধান শিক্ষকের আমন্ত্রণে তিনি বিদ্যালয়ে গিয়েছিলেন। সেখানে উপস্থিত থাকার সময়ই এ দুর্ঘটনা ঘটে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে তিনি জানান। তিনি আরও বলেন, বিদ্যালয় ভবনটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং দ্রুত নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।

ক্লাসে থাকা সহকারী শিক্ষক সেলিনা আক্তার বলেন, অল্পের জন্য শিক্ষার্থীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। ক্লাস চলাকালে চলন্ত সিলিং ফ্যান জয়েন্টের পাইপ থেকে খুলে নিচে পড়ে। এ সময় ৫ জন শিক্ষার্থীর মধ্যে কারো মাথায় কারো কানে হাতে হাল্কা আঘাত প্রাপ্ত হয়েছে। তাদের দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, অনেক দিন ধরেই স্কুলের ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ কারণেই এই ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবনের জন্য আবেদন করেছি।

নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, এই বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। দ্রুত ঝুঁকিপূর্ণ যা আছে মেরামতের ব্যবস্থা করব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...