ইসলামী যুব আন্দোলনের নেতাকে হত্যার ঘটনায়

বন্দরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক

বন্দরে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক
জাহিদ হাসান বুলবুল । ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং লিডার সিফাত ও তার সহযোগীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০টায় বন্দরের ২১ নং ওয়ার্ডের সালেহনগর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত সিফাতকে রাতেই অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী যুব আন্দোলনের নেতা ছিলেন। এ ঘটনা ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল ৯টায় বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় একঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এসময় বিক্ষোভকারীরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দেন আন্দোলকারীদের।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান নেওয়ার পর তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। মহাসড়কে যানচলাচল এখন স্বাভাবিক রয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল হোসেন সাংবাদিকদের বলেন, প্রধান অভিযুক্ত সিফাতকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন