গজারিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

গজারিয়ায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

মুন্সীগঞ্জর গজারিয়ায় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় অর্ণব সজীব (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৭মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় কুমিল্লাগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অর্ণব সজীব উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রামের আলী আজম সরকারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, অর্ণব সজীব মোটর সাইকেলযোগে বালুয়াকান্দি থেকে ভবেরচরের দিকে যাচ্ছিলেন। পথে ভাটেরচর নতুন রাস্তা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি কামাল আখন্দ জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন