গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা

ছাত্রলীগের নেতাকর্মীসহ ৪৭৭ জনের বিরুদ্ধে আরো এক মামলা

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

ছাত্রলীগের নেতাকর্মীসহ ৪৭৭ জনের বিরুদ্ধে আরো এক মামলা

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা সমাবেশ ঘিরে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে আরো একটি মামলা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার (৩০ জুলাই) রাতে সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

এ মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বর্ণনা থেকে জানা গেছে, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় সড়কের গাছ কেটে সড়কের উপর ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দেওয়া হয় মহড়া। এতে যানচলাচল বন্ধ হয়ে যায়। জনমনে সৃষ্টি হয় আতঙ্ক।

এ নিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল বিস্ফোরণ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, জেলা কারাগারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ , জেলা প্রশাসকের বাসভবনে হামলা, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ ও ৫ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১৫টি‌ মামলা করা হলো ।

সদর, কাশিয়ানী, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থানায় মামলাগুলো দায়ের করা হয়েছে। ১৫ মামলায় মোট ১৬ হাজার ১৬২ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১ হাজার ২৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৪ হাজার ৯১০ জনকে আসামি করা হয়। ১৬ জুলাই থেকে এ পর্যন্ত ৩২৯ জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলারক্ষা বাহিনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন