পলাশে ডাব পারা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, নরসিংদী

পলাশে ডাব পারা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছের ডাব পারা নিয়ে বিরোধের জেরে মামুন (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মামুন গালিমপুর গ্রামের মৃত আব্দুল মোমেন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল (৩৫) একই গ্রামের ইসমাইলের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই দিন আগে রাবেয়া নামে এক প্রতিবেশী ফুফু মামুনকে ডেকে নিয়ে তার বাড়িতে গাছ থেকে ডাব পাড়ান। এ সময় রাবেয়া ও প্রতিবেশী আজিজুলের গাছের ডাব একসঙ্গে পেড়ে উভয় পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হয়।

এ নিয়ে আজিজুলের সঙ্গে মামুনের কথা-কাটাকাটি হয়। পরে আজিজুল মামুনের বাড়িতে গিয়ে ঘরের টিন ও তার অটোরিকশা ভাঙচুর করে। ঘটনার পরদিন বৃহস্পতিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও আজিজুলের পক্ষ থেকে তা মানা হয়নি।

এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১টার দিকে আজিজুল মামুনকে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি ইটভাটার কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“নিহত মামুনের লাশ নরসিংদী সদর হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন