কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, ‘পাকুন্দিয়া-কটিয়াদীর দলমত ও ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের কাছে আমার প্রার্থনা, আসুন মুক্তিযুদ্ধের পক্ষের এই শক্তিকে আমরা পরাস্থ হতে দিতে পারি না। আসুন, আপনারা সহযোগিতা করুন। ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করুন। যার প্রধান হচ্ছেন তারেক রহমান।’
রোববার সন্ধ্যায় পাকুন্দিয়া পৌর সদর ঈদগাহে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিত লোকজনের উদ্দেশে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘গত ৪৮ বছর ধরে রাজনীতি করে আসছি। বিগত দিনে লড়াই-সংগ্রামে মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে থেকেছি। মামলা খেয়েছি। দল আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছে। এটাই হয়তো আমার শেষ নির্বাচন। আর হয়তো নির্বাচন করার সুযোগ হবে না। বিগত দিনে মেয়র হিসেবে আপনাদের পাশে থেকেছি। পিপি হিসেবে আপনাদের পাশে থেকেছি। আমাকে ভোট দিয়ে বিজয়ী করুন। আমি সারা জীবন আপনাদের সেবা করে যাব। এ সময় বক্তব্য দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক ভিপি মো. কামাল উদ্দিনের সভাপতিত্বেিএবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদের সঞ্চালনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল আমীন আকিল, আশফাক আহমেদ জুন, শহীদুজ্জামান কাকন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন খান দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রমুখ।
এ সময় পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহমুদুজ্জামান রিপন, আবদুল কদ্দুছ, এরফান উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক খোকন, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপনসহ বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জনসভায় পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

