আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হিন্দুদের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি হলে হাত ভেঙে দেয়া হবে: রিতা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

হিন্দুদের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি হলে হাত ভেঙে দেয়া হবে: রিতা

হিন্দুদের ব্যবসাপ্রতিষ্ঠানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটলে সেই হাত ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ- ৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা।

রোববার সন্ধ্যায় (৮ ফেব্রুয়ারি) শহরের কালিবাড়ি নাটমন্দিরে ডাক্তার উমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

আফরোজা খানম রিতা বলেন, হিন্দু সম্প্রদায়ের ভোটাররা মাথা উঁচু করে নিরাপদে ভোট কেন্দ্র যাবেন। আপনাদের পাশে বিএনপি আছে, আপনারা এদেশে সম্মানের সাথে বসবাস করবেন।

এ সময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃস্ট্রান ঐক্য পরিষদ, হিন্দু মহাজোট, হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

হিন্দু সম্প্রদায় কেন ধানের শীষে ভোট দেবেন এমন সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিতা বলেন, হিন্দু সম্প্রদায়েকে আমরা আস্থা ও বিশ্বাসের জায়গাটা দিতে পেরেছি বলেই তারা ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার ধানের শীষের জন্য ভোটারদের ঘরে ঘরে ভোট চাইছেন।

সভাপতির বক্তব্যে ডাক্তার উমেশ চন্দ্র সরকার বলেন, যে কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছেন তাদের মধ্যে স্বাধীনতার পক্ষে আছে বিএনপি। সনাতন সম্প্রদায়ের লোকজন দেশের শান্তি ও স্বাধীনতাকে ধারণ করে। সেই কারণে সনাতন সম্প্রদায়ের ভোট ধানের শীষে ঘরে যাবে। এছাড়া এ আসনে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা জয়ী হলে মন্ত্রী হবেন ও এলাকায় উন্নয়ন করবেন।

জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র সরকারের সঞ্চালনায় অন্যান্যদের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুল কামরুল হক, জেলা কৃষক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন সাঈদ সহ সনাতনী ধর্মের বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ।

এরপর হিন্দু সম্প্রদায়ের লোকজনকে সাথে নিয়ে বিএনপি প্রার্থী আফরোজা খানম রিতা জেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন