ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা, পলাতক বড় ভাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই উজ্জ্বলের বিরুদ্ধে। নিহত মোহন (৩২) ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ সোনার বাংলা রোডের ফাজিল মুন্সিপাড়ার মো. বাবুল মিয়ার ছেলে।

শুক্রবার (১৫ মে) সকাল ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই অভিযুক্ত বড় ভাই উজ্জ্বল পলাতক রয়েছে। স্থানীয়দের দাবি, অভিযুক্ত উজ্জ্বল মাদকাসক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নানা বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার কোনো একটি ঘটনাকে কেন্দ্র করে নিহত মোহন ও তার বাবা বাবুল অভিযুক্ত উজ্জ্বলকে মারধর করেন। একপর্যায়ে উজ্জ্বল ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা বটি দিয়ে ছোট ভাই মোহনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। মোহনের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় মোহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা বটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...