‎প্রাইভেটকারচালকের ঘুষিতে অটো রিকশাচালকের মৃত্যু

‎প্রাইভেটকারচালকের ঘুষিতে অটো রিকশাচালকের মৃত্যু
ছবি: আমার দেশ

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেটকার-অটোরিক্সার সামান্য সংঘর্ষকে কেন্দ্র করে প্রাইভেটকার চালকের ঘুষিতে প্রাণ গেল রফিক (৪৫) নামে এক অটোরিকশা চালকের। এ ঘটনায় অভিযুক্ত নাদিমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বুধবার রাত ১১টায় শিমরাইল-আদমজী-চাষাড়া সড়কের সিদ্ধিরগঞ্জপুর এলাকার রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

‎নিহত রফিকের ভাগ্নের দাবি, প্রাইভেটকারের সঙ্গে সামান্য সংঘর্ষের পর উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রফিককে ঘুষি মারেন নাদিম। ঘুষির আঘাতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান।

এ সময় তার নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎পরিবারের সদস্যরা জানান, নিহত রফিকের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর উপজেলার গেরাখালী এলাকায়। তিনি সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকার নাঈমের গ্যারেজ থেকে ভাড়ায় অটোরিকশা চালাতেন।

‎ গ্রেপ্তার হওয়া নাদিমের বাড়ি সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারীপট্টি এলাকায়।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, অটোরিকশাচালক নিহতের ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারচালক নাদিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন