বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজহার ভাইকে ভিতরে রেখে আমি আর বাহিরে থাকতে চাই না। আমি সরকারকে বলেছি আমাকে গ্রেপ্তার করে জেলে পাঠানোর ব্যবস্থা করেন। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের শিকার আমার ভাই এটিএম আজহারুল ইসলামকে বন্দি রেখে আমি মুক্ত থাকবো না। আমি সরকারের কাছে জানতে চাই, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে এখনো কি আওয়ামী লীগের জুলুম চলবে?
তিনি বলেন, উন্নয়নের নামে বাটপারি ও ধোঁকাবাজি থেকে জাতিকে মুক্তি দিতে হলে আমাদের দুটি আদর্শ ধারণ করতে হবে। এক উন্নত আদর্শ আর সৎ চরিত্রবান যোগ্য মানুষ। আমাদের সামনে উত্তম আদর্শ হচ্ছে আল কোরআন। আর উত্তম চরিত্রের মানুষ তৈরি করার কাজ করে জামায়াতে ইসলামী।
সোমবার সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা চত্বরে উপজেলা ও পৌরসভা জামায়াত ইসলামী আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে যারা ক্ষমতায় ছিলেন তাদের জনগণ দেখেছে, তাদের সম্পর্কে আমি কিছুই বলবো না। তারা ভালো করলে ভালো, আর মন্দ করলে মন্দ। আমাদের উন্নয়ন হয় জনগণের ট্যাক্সের টাকায় আর বিদেশি ঋণের অর্থে। যার দায় দেশের একজন ভিক্ষুক থেকে আজকে জন্ম নেয়া শিশুর মাথার ওপরও বর্তায়। সঠিক উন্নয়ন করার জন্য আপনাদের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
শরীয়তপুর জেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির কেএম মকবুল হোসাইনের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি এএইচ হামিদুর রহমান আযাদ, শরীয়তপুর-৩ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা আজহারুল ইসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহামুদ হোসেন বকাউল।
সভা শেষে আমিরে জামায়াত ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মহিষকান্দিতে শহীদ বেলালের কবর জিয়ারত ও দোয়া করেন। পরে বেলালের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি হেলিকপ্টারযোগে সকাল ৮টা ৪৬ মিনিটে ভেদরগঞ্জে আসেন। কর্মসূচি শেষ করে ১০টা ৪০ মিনিটে ভেদরগঞ্জ ত্যাগ করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

