গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় শনিবার রাতে এই ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত যুবকের নাম শাহরিয়ার রহমান হ্যাভেন (৩৪)। নিহত শাহরিয়ার চাপুলিয়া এলাকার হুমায়ূন কবিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শাহরিয়ার রহমান হ্যাভেনের পরিবারের সঙ্গে জমি জমা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে পূর্ববিরোধ ছিল। শনিবার সন্ধ্যায় প্রতিপক্ষের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।
পরে চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ভোরে মারা যান শাহরিয়ার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোববার সকাল ৭টার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, শাহরিয়ারের বিরুদ্ধে থানায় চুরিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। সকালে তার হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
মেহেদী হাসান আরও বলেন, নিহতের পাসহ সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

