শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

শরীয়তপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ছয় দিন পর জাহিদ নামে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জেলায় হামের প্রাদুর্ভাব নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিতু আক্তার। এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

মৃত জাহিদ শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া এলাকার জয়নাল মিয়ার ছেলে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল তীব্র জ্বর ও কাশিসহ হামের উপসর্গ নিয়ে জাহিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টানা ছয় দিন চিকিৎসাধীন থাকার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলায় হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।

এ বিষয়ে আরএমও মিতু আক্তার বলেন, “প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে রোগী হাসপাতালে আসছে। রোগীদের জন্য আলাদা আইসোলেশন কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে। গতকাল রাতে হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা জাহিদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৬৭ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জন আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। এর মধ্যে সদর হাসপাতালে বর্তমানে ২০ জন রোগী ভর্তি রয়েছেন।

জেলা সিভিল সার্জন ডা. রেহান উদ্দিন জানান, শিশুটিকে হামের উপসর্গ নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি করা হয়। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তবে পরীক্ষার ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়।

এদিকে, হামের সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সতর্কতা জোরদার করা হয়েছে। বিশেষ করে শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন