নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবে রাতের আঁধারে তাণ্ডব, ব্যাপক ভাঙচুর ও চুরির ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে প্রেসক্লাবে প্রবেশ করে ভাঙচুরের চিত্র দেখতে পান সাধারণ সম্পাদক রফিকুল হক।
এর আগেও প্রেসক্লাবে টানা তিনবার চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় থানায় পৃথক তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এ নিয়ে প্রেসক্লাবে চারবার চুরির ঘটনা ঘটল।
সরেজমিনে দেখা যায়, দুর্বৃত্তরা প্রেসক্লাব থেকে একটি টেলিভিশন, পানির মোটর, চারটি বৈদ্যুতিক পাখা, দুটি কম্পিউটার, স্পিকারসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে। পাশাপাশি ক্লাবের ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নষ্ট করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব পরিদর্শন করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল হক বলেন, সকালে লোকজন নিয়ে ক্লাব পরিষ্কার করতে গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করলে দেখা যায় সবকিছু এলোমেলো। কাঁচের জিনিসপত্র ভাঙচুর করে লণ্ডভণ্ড করে রাখা হয়েছে। পরে বিষয়টি প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক ও থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সবাই ঘটনাস্থলে এসে ক্ষয়ক্ষতির চিত্র দেখেন।
রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান বলেন, রায়পুরা প্রেসক্লাব আমাদের সাংবাদিক সমাজের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। ৪৩ বছরের ইতিহাস বহনকারী এই ক্লাবটিতে একের পর এক চুরি ও অবহেলার ঘটনায় এমন করুণ পরিস্থিতি অত্যন্ত দুঃখজনক। এটি শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, আমাদের ইতিহাস ও আবেগেরও ক্ষতি। দ্রুত সংস্কার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাই।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

