আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল শিক্ষার্থী

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল শিক্ষার্থী

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল নবম শ্রেণিতে পড়ুয়া শাহাদাৎ খলিফা (১৬) নামের এক শিক্ষার্থী। পরিবারের মাঝে ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত হলো একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়।

শনিবার (২১ মার্চ) ঈদের দিন বিকেলে শিবচর-জাজিরার সীমানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ খলিফা শিবচর উপজেলার খলিফাকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামের হীরু খলিফার ছেলে। শাহাদাৎ স্থানীয় দ্বিতীয় খণ্ড নুর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

জানা যায়, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে শাহাদাৎ খলিফা তার বন্ধুদের নিয়ে একটি ভ্যানযোগে পদ্মা সেতু এলাকায় ঘুরতে বেরিয়েছিল। যাত্রাপথে শিবচর-জাজিরার সীমানা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় শাহাদাৎ ভ্যান থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

শাহাদাৎ খলিফা প্রতিবেশীরা বলেছেন, ঈদের দিনে এমন হৃদয়বিদারক ঘটনায় আমাদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শাহাদাৎ খলিফার পরিবার ও স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

দুর্ঘটনার বিষয় জানতে চাইলে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বলেন, একজন ভ্যানচালক শাহাদাৎ খলিফার লাশ‌টি নিয়ে হাসপাতালে আসে। তবে হাসপাতালে আনার আগেই শাহাদাৎ খলিফার মৃত্যু হয়ে‌ছিল।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন