সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত হাসান আলভী পুলক (২৪) সাভার আর্মি আইবিএর বিবিএ ১২তম ব্যাচের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার প্রথম রমজানের ইফতার শেষে পুলক মোটরসাইকেলে সাভার সেনানী এলাকায় তার সেনা কর্মকর্তা আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে রউফ গেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে তিনি মোটরসাইকেলসহ সড়কে পড়ে যান।
এ সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত পুলকের বাবা রফিকুল ইসলাম। তাদের বাড়ি দিনাজপুর জেলা শহরের ঈদগাহ বসতি আবাসিক এলাকায়।
সাভার হাইওয়ে পুলিশের ওসি শাহজাহান শেখ জানান, সাভার সিএমএইচে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

