রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে একটি ড্রেজার মেশিন এবং প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) রাত প্রায় ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহাদুরপুর এলাকায় মরা পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু ও মাটি উত্তোলনের অভিযোগ ছিল। এতে নদীতীরবর্তী এলাকার পরিবেশ ও কৃষিজমির ক্ষতির আশঙ্কা দেখা দেয়। অভিযোগের ভিত্তিতে প্রশাসন গভীর রাতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে একটি ড্রেজার মেশিন এবং প্রায় ৫০০ ফুট পাইপ ধ্বংস করে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ৩ মার্চ গোয়ালন্দ উপজেলা মাসিক সমন্বয় সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন অবৈধ বালু-মাটি উত্তোলন বন্ধে অভিযান জোরদার করেছে বলে জানা গেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

