দৈনিক আমার দেশে সংবাদ প্রকাশের পর নরসিংদীর রায়পুরায় আন্তঃজেলা ডাকাতদলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান।
গ্রেপ্তাররা হলেন- মোর্শেদ মিয়া, সজীব ও কাওসার মিয়া। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার দড়িচণ্ডিবের এলাকায়।
এসপি জানান, ২১ ফেব্রুয়ারি রাতে গাজীপুর থেকে পরিবারের পাঁচ সদস্য নিয়ে মাইক্রোবাসে সিলেটে যাচ্ছিলেন আব্দুস সোবহান আকন্দ। রায়পুরার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পৌঁছালে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছ থেকে ৯৫ হাজার টাকা, তিনটি মোবাইল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় ১০-১২ জনের একটি ডাকাতদল।
ঘটনার পর ওই রাতেই ভৈরব থানায় অভিযোগ দিতে যান ভুক্তভোগী সোবহান। কিন্তু নিজেদের অধীনস্থ নয় বলে রায়পুরা থানায় যাওয়ার পরামর্শ দেয় পুলিশ। পরদিন এ ঘটনায় থানায় মামলা করেন তিনি। এ নিয়ে দৈনিক আমার দেশ অনলাইনে সংবাদ প্রকাশিত হলে পুলিশের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে রায়পুরা থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার ঘোষকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
এরপর ২৪ ফেব্রুয়ারি ভৈরব থেকে মোর্শেদ নামে এক ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেওয়া তথ্যমতে মঙ্গলবার বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ছিনিয়ে নেয়া দুটি মোবাইল, আট হাজার টাকা, দুটি চাপাতি, দুটি টর্চলাইট ও একটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, এই ডাকাত দলে ১০ জন কাজ করে। এর মধ্যে নেতৃত্ব দেন তিনজন। বাকিরা দুই দলে বিভক্ত হয়ে বিভিন্ন স্থানে ডাকাতি করে।
উল্লেখ্য, ওই রাতের ঘটনায় দায়িত্বে অবহেলা ও অসহযোগিতার অভিযোগে ভৈরব থানার এসআই মো. ফরিদুজ্জামান ও এএসআই দেলোয়ার হোসেনকে কিশোরগঞ্জ জেলা পুলিশে ক্লোজড করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

