ক্রেতা সেজে ওসি আটক করলেন তেল মজুতকারীকে

আমার দেশ অনলাইন

ক্রেতা সেজে ওসি আটক করলেন তেল মজুতকারীকে
ছবি: আমার দেশ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রেতা সেজে অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করলেন ওসি। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়।

সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর সেতু মার্কেটে অভিযান পরিচালনা করেন। মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান অভিযানটি পরিচালনা করেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারনির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেট্রোল ও অকটেন বিক্রির অভিযোগ পেলে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান ক্রেতা সেজে ওই মার্কেটে যান। অভিযোগের সত্যতা পেয়ে তিনি অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারিকে অবহিত করেন তিনি।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় খাসনগর গ্রামের ব্যবসায়ী জাকির হোসেনকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানকে নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খাসনগর বাজারে এক ব্যবসায়ী ২৫০ টাকা লিটার দরে অকটেন বিক্রি করছিল। আমি ক্রেতা সেজে অকটেন কিনতে গেলে সে আমার কাছেও প্রতি লিটার অকটেন ২৫০ টাকা চায়। পরে এসিল্যান্ডকে অবহিত করলে ওই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন