পার্কিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্ব

ভাঙ্গায় রাতের আঁধারে গুলি চালালেন প্রাইভেটকার চালক

ভাঙ্গায় রাতের আঁধারে গুলি চালালেন প্রাইভেটকার চালক
ছবি: আমার দেশ

ফরিদপুরের ভাঙ্গায় পার্কিং ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের বশবর্তী হয়ে অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক জনসমুক্ষে পিস্তলের কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে গেলেন। সোমবার মধ্যে রাতে ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কের ভাঙ্গা পৌরভবন সংলগ্ন হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। রাতের আঁধারে পিস্তলের গুলি ছোড়ার ঘটনায় অজানা আতঙ্ক উদ্বেগ ও উৎকণ্ঠায় সৃষ্ট হয়েছে জনপদ জুড়ে।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, হালকা বৃষ্টির মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা প্রাইভেটকার চালক মধ্য রাতে ভাঙ্গা হাইওয়ে থানার রাস্তার হোটেলের সামনে এসে দাঁড়ায়। সড়কের অন্যান্য যানবাহন ধীর গতিতে চলতে থাকায় সেখানে কিছুটা যানজট চলছিল। প্রাইভেটকারের চালক ও তার সঙ্গীয় মহিলা কিছুটা বিড়ম্বনার শিকার হন। হোটেল বয় চালককে তার প্রাইভেট কার সামনে এগিয়ে রাখার অনুরোধ করেন। হোটেল বয়ের কথায় চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন প্রাইভেটকারের চালক। পাশের সিটে বসে থাকা মহিলা হোটেল বয়ের সাথে তর্ক-বিতর্কের একপর্যায় তার মুখে থাপ্পড় মারে।

বিজ্ঞাপন

এ নিয়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জ্যামে থাকা অন্য সকল গাড়ির চালকদের ও হোটেল বয়কে উদ্দেশ্য করে অস্বাভাবিক আচরণ করতে থাকেন প্রাইভেটকার চালকের আসনে থাকা যুবক।

তিনি ক্ষিপ্ততার এক পর্যায়ে গাড়ির ভিতরে বসেই জানালা দিয়ে মাথা উঁচিয়ে ফিল্মি ষ্টাইলে জনসমক্ষে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে সেখান থেকে গোপালগঞ্জের দিকে প্রাইভেট কার নিয়ে দ্রুত পালিয়ে যায়।

রাতের আঁধারে প্রাইভেটকার থেকে যুবকের গুলি ছোড়ার দৃশ্য ধারণের ঘটনাটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ততক্ষণে চালক ও অজ্ঞাত নারী ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও স্থানীয় জনগণের মধ্যে চরম উদ্বিগ্নতার সৃষ্টি হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান স্থানীয় জনগণের বরাত দিয়ে জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার গোপালগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। হাইওয়ে থানার সামনে আসার পর প্রাইভেটকার চালক গুলি ছুঁড়েছে বলে জানতে পারে পুলিশ। প্রাইভেটকার উদ্ধার, অজ্ঞাত নামা যুবক (চালক) ও তার সঙ্গীর পরিচয় সনাক্ত করার পর ঘটনার রহস্য বেরিয়ে আসবে বলে জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন