মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। অন্যদিকে, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন জবি শিক্ষার্থীরা।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে সিংগাইর থানায় গিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এ দাবি জানান জবি উপাচার্য। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
এর আগে বিকেল ৬টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০-২৫০ শিক্ষার্থী উপজেলা ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মিছিল ও মানববন্ধন করেন। পরে তারা সিংগাইর থানায় অবস্থান নেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ আগস্ট বিকেলে ঢাকার হেমায়েতপুর এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। মোটরসাইকেলটির চালক ছিলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে কাওসার।
পরবর্তীতে কাওসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে বাসটির গতিরোধ করেন। এ সময় তিনি ও অজ্ঞাত ৩-৪ জন এসে বাসটির দুই পাশের সব কাচ ভাঙচুর করেন।
ভাঙা কাচের আঘাতে ৩ শিক্ষার্থী—পূর্ণিমা (২১), আখি আক্তার (২১) ও রিনভি (১৯) আহত হন। হামলা ঠেকাতে গিয়ে বাসচালক মো. সাজ্জাদ হোসেনও আহত হন। এ ছাড়া ছাত্র উদয় চক্রবর্তীসহ ১০ জন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় বাসচালক বাদী হয়ে গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) একজনের নাম উল্লেখ করে আরও ১০-১২ জন অজ্ঞাতনামাসহ আসামি করে সিংগাইর থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার প্রধান আসামি কাওসার পলাতক রয়েছেন।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিন, ট্রেজারার ড. ছাবিনা শারমিন, প্রক্টর ড. আজম খান, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, ছাত্রসংসদের ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্যসচিব ছামছুল আরিফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

