বুধবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দুই নারীকে হেনস্তাকারী তরুণ মো. রাকিব গাজীপুরের কালিয়াকৈর থানার একটি হত্যা মামলার আসামি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, তার মামলার চার্জশিট হয়েছে। ২০২৪ সালের একটি হত্যা মামলার আসামি রাকিব।রাকিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার আবদুর রহিমের ছেলে। একই মামলায় রাকিবের জমজ ভাই মো. সাকিবও আসামি। মামলার পর তারা দুজনই পলাতক বলে জানা গেছে।
বুধবার রাতে টিএসসি এলাকায় দুই নারীকে লাঠি হাতে হেনস্তার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে । এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি প্রশাসন।
কালিয়াকৈর থানা সূত্রে জানা গেছে, রাকিব ও তার ভাই সাকিবের বিরুদ্ধে মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর রাকিব, সাকিব ও সাব্বির একসঙ্গে একটি জিমে যান। সেখান থেকে রাকিব ও সাকিবদের বাসা ইউনিক টাওয়ারের ছাদে ওঠেন। তাদের সঙ্গে ছিল স্থানীয় আরও দুই কিশোর। পরে ওই দুই কিশোরকে দোকানে পাঠানো হয়। কিছুক্ষণ পর দুজন ফিরে এসে ভবনের নিচে সাব্বিরের রক্তমাখা লাশ দেখে পায়। ওই ঘটনায় সাব্বিরের বড় ভাই মো. মহিউদ্দিন আবির বাদী হয়ে তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘ ডিবি পুলিশ মামলাটি তদন্ত করেছে, গ্রেপ্তারের দায়িত্বও তাদের।'
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

