নরসিংদীর বেলাবোতে এক গার্মেন্ট কর্মীকে দুই বন্ধু মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভিকটিমের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভুক্তভোগী নারীর অভিযোগ সূত্রে জানা যায়, বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের চর উজিলাবো এলাকার স্বামী পরিত্যক্তা ওই নারী এক পুত্র ও কন্যাসন্তান নিয়ে নরসিংদীর বড়ইতলা এলাকায় ভাড়া বাসায় থেকে একটি গার্মেন্ট কারখানায় চাকরি করেন। মোবাইলে তার পরিচয় হয় একই উপজেলার দক্ষিণ বটেশ্বর এলাকার শহিদ উল্লাহর ছেলে শাহজাহানের (৩৫) সঙ্গে।
গত শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় শাহজাহানের বন্ধু দেলোয়ার হোসেন রাজু মিয়া ওই নারীকে ফোন করে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে নিয়ে আসে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় সিএনজিযোগে একটি ঘরে নিয়ে শহিদুল্লার ছেলে শাজাহান ও তার বন্ধু নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন রাজু মিলে পালাক্রমে তাকে ধর্ষণ করে।
ঘটনার একদিন পর রোববার (১৬ মার্চ) সকালে বেলাবো থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ধর্ষণের শিকার ওই নারী। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ।
অপর অভিযুক্ত শাহজাহান পলাতক রয়েছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
বেলাব থানার অফিসার ওসি মীর মাহবুবুর রহমান জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা একজনকে আটক করেছি। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। অভিযোগটি গতকাল রোববার মামলায় নথিভুক্ত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

