বন্দরে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

বন্দরে রাস্তা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, তীব্র যানজট
ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের বন্দরের নবীগঞ্জ-কাইকারটেক হাজী সাহেবের মোড় পর্যন্ত দীর্ঘদিন ধরে বেহাল ও ভাঙাচোরা সড়ক সংস্কারের দাবিতে সিএনজি-অটোরিকশা চালকসহ সাধারণ মানুষ সড়ক অবরোধ করে দুই ঘণ্টা বিক্ষোভ করেন। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মদনপুর-মদনগঞ্জ সড়কে নবীগঞ্জ বাসস্ট্যান্ডে তারা এ কর্মসূচি পালন করেন।

বিজ্ঞাপন

আন্দোলনকারীরা বলেন, নবীগঞ্জ থেকে কাইকারটেক পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। সড়কজুড়ে অসংখ্য খানাখন্দ থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। দ্রুত সংস্কার না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলেও দাবী তাদের। তাই নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ আবুল কালামের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান। এদিকে এই ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা ঘটনাস্থলে ছুটে যান এবং দ্রুত সংস্কার করার আশ্বাস দেন। পরে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন।

এমপির রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা বলেন, ‘অটোরিকশাচালকদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথা বলেছি এবং আশ্বস্ত করেছি। আমার কথা তারা শুনেছেন। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে তারা অবরোধ তুলে নিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি বিষয়টি এমপি মহোদয়কে জানিয়েছি। কাজটি কীভাবে নির্ধারিত সময়ের আগেই শুরু করা যায়, সে বিষয়টি তিনি দেখবেন।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...