গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের সংরক্ষিত জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে দখলকারীদের হামলার শিকার হয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তাসহ ১৬ জন আহত হয়েছেন। হামলাকারীরা বন বিভাগের একটি সরকারি গাড়িও ভাঙচুর করেছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ডোমবাড়িচালা এলাকায় শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বন বিটের এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান, শ্রীপুর সদর বন বিট কর্মকর্তা আক্তার হোসেন, সাতখামাইর বন বিট কর্মকর্তা বিপ্লব হোসেন, ফরেস্ট গার্ড আলমগীর হোসেন, দেওয়ান শাকিল, কামাল মিয়া, আলমগীর হোসেন, আবদুল মজিদ, গাড়িচালক সোহেলসহ বন বিভাগের মজুরিভিত্তিক কয়েকজন কর্মচারী।
বন বিভাগ সূত্রে জানা যায়, বনভূমি দখল করে অবৈধভাবে ভবন নির্মাণ করছিলেন দুলাল ও আরমান নামে দুই ব্যক্তি। অবৈধ স্থাপনা উচ্ছেদে মঙ্গলবার সকালে অভিযান পরিচালনা করে বন বিভাগ।
শ্রীপুর ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, উচ্ছেদ অভিযান শুরু হলে দখলদার দুলাল, আরমান এবং তাদের সহযোগিরা বাধা দেয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে ১৬ জন আহত হন।
খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

