নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় পুলিশের কাছ থেকে আটক পাঁচজনকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে কাশীপুর ইউনিয়নের দেওভোগ হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, একটি বাড়িতে লুটপাটের অভিযোগে পাঁচজনকে আটক করেছিল পুলিশ। পরে তাদের সহযোগীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলমের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।
পুলিশ সূত্রে জানা যায়, হাশেমবাগ এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে লুটপাটের ঘটনায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। এরপর এসআই বাশার ও এএসআই আশিকের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে লুটপাটের সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে।
আটকের পরপরই তাদের সহযোগীরা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। একপর্যায়ে তারা আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগের দিন মঙ্গলবার একই উপজেলার মাসদাইর বোয়ালিয়া খাল এলাকায় মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে র্যাব-১১ তিন সদস্য সন্ত্রাসীদের হামলার শিকার হন। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

