মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের অর্জুন বিশ্বাসে ছেলে। বিধান কদমবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৪ নভেম্বর বোমা বিস্ফোরণ, বিএনপি দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা করা হয়। বাদী হয়ে মামলাটি দায়ের করেন মাদারীপুরের রাজৈর উপজেলার পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। সেই মামলার এজাহারে কদমবাড়ি ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাসকে ৩২ নম্বর আসামি করা হয়। এরপরই তিনি গাঢাকা দেন। শুক্রবার রাতে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজারে বিধান তার নিজ দোকানে বসে ছিলেন। এসময় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে রাজৈর থানার পুলিশ।
এলাকাবাসী ও গোপন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌপরিবহনমন্ত্রী ও মাদারীপুর-২ (রাজৈর-সদর) আসনের সংসদ সদস্য শাজাহান খানের অনুসারী ছিলেন বিধান। এলাকায় খাল খননসহ সব কিছুতেই একক প্রভাব বিস্তার করতেন তিনি। তার লাঠিয়াল বাহিনীর ভয়ে এখনো মুখ খুলতে সাহস পায় না সাধারণ মানুষ। কারণ কদমবাড়ি ইউনিয়নের ৯০ শতাংশ জনগণ হিন্দু সম্প্রদায়ের এবং দরিদ্র।
এ ব্যাপারে মাদারীপুরের রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, চেয়ারম্যান বিধান বিশ্বাস একটা মামলার এজাহার নামীয় আসামি। তাকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। পরবর্তী সময়ে তাকে মাদারীপুর আদালতে প্রেরণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

