আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিক্ষার্থীদের দিয়ে বিএনপি প্রার্থীর পক্ষে স্লোগান, দুই শিক্ষককে শোকজ

উপজেলা প্রতিনিধি, (পাকুন্দিয়া) কিশোরগঞ্জ

শিক্ষার্থীদের দিয়ে বিএনপি প্রার্থীর পক্ষে স্লোগান, দুই শিক্ষককে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে স্কুল শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’-এর পক্ষে স্লোগান দেওয়ানোর ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি বিদ্যালয়ের দুইজন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

তারা হলেন, উপজেলার ছোট আজলদী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মইন উদ্দিন ও সহকারী শিক্ষক আতাউর রহমান বকুল।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, গত ৪ ফেব্রুয়ারি উপজেলার ছোট আজলদী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের দিয়ে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী এডভোকেট মো.জালাল উদ্দিনের পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়। স্লোগানগুলোর মধ্যে ছিল— “জালাল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম”, “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক”, “আমরা যদি ভোটার হতাম, ধানের শীষে ভোট দিতাম” এবং “ভোট দেবো কিসে—ধানের শীষে”।

এ ঘটনায় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রূপম দাস সংশ্লিষ্ট কমিটির কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০২৫ এর ১৫(খ) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে বলা হয়েছে, কেন এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না এবং কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬, রোববার দুপুর ১২টায় বাজিতপুর চৌকি আদালতে নিকলী সিভিল জজের কার্যালয়ে স্বশরীরে বা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ খাদিজা আক্তার কারণ দর্শানোর নোটিশ দেওয়ার বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...