ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ইয়াবাসহ বাসযাত্রী গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া বেনাপোলগামী একটি বিলাসবহুল এসি বাসে তল্লাশি চালিয়ে মো. সুমন (২৫) নামের এক মাদক কারবারিকে ১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৪০ হাজার টাকা। গ্রেপ্তারকৃত সুমন যশোর বেনাপোল সীমান্তের হোসেন আলীর ছেলে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান। এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোল প্লাজার ১১ নম্বর লেনে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি বিলাসবহুল এসি বাসের এক যাত্রী তাঁর শরীরে অবৈধ মাদকদ্রব্য বহন করছেন—এমন গোপন সংবাদ পায় ভাঙ্গা থানা পুলিশ। খবরের ভিত্তিতে এসআই মোহাম্মদ মিজানুর রহমান এবং সঙ্গীয় অন্য কর্মকর্তাদের নিয়ে পুলিশের একটি দল রাতে বগাইল টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়।

রাত আনুমানিক ১২টার দিকে নির্দিষ্ট বাসটি টোল প্লাজায় এসে পৌঁছালে পুলিশ সিগন্যাল দিয়ে তা থামায় এবং তল্লাশি শুরু করে। এ সময় বাসের যাত্রী সুমনের প্যান্টের পকেট থেকে পুটলিতে মোড়ানো অবস্থায় ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মধ্যে ১৯ পিস সবুজ ও ১ হাজার ৭৮১ পিস হালকা কমলা রঙের ছিল, যার মোট ওজন ১৮০ গ্রাম।

ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকসহ আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন