বাদাম ব্যবসায়ীদের ৩৫ লাখ টাকা লুট, শীর্ষ নৌ ডাকাত গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ)

বাদাম ব্যবসায়ীদের ৩৫ লাখ টাকা লুট, শীর্ষ নৌ ডাকাত গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীপথের শীর্ষ নৌ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে থানার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার দ্বীন ইসলাম ওরফে ধীরা (৫০) উপজেলার চরচারতলা পূর্ব পাড়া এলাকার মগল সরকারের ছেলে।

এরআগে, ১৬ মে ভৈরবের এনএম ব্রাদার্স নামে ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ ১০ কর্মচারী নৌকায় করে বাইশমৌজা বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। ভোর সোয়া পাঁচটার দিকে ভৈরব নৌ বন্দর থেকে রওয়ানা দেন তারা। ৬টার দিকে আশুগঞ্জের চরচারতলা এলাকায় পৌঁছার পর তাদের নৌকায় এক দল ডাকাত হামলা করে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বস্তায় রাখা ৩৫ লাখ টাকা লুট করে। খবর পেয়ে ভৈরব নৌ থানার পুলিশ স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে গিয়ে ব্যবসায়ীদের উদ্ধার করে। এ দিন দুপুরে থানায় মামলা করেন এনএম ব্রাদার্সের মালিক শামীম আহমেদ।

ভৈরব নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, দ্বীন ইসলাম ওরফে ধীরা মেঘনা নৌ পথের শীর্ষ ডাকাত। তার নেতৃত্বে নদীপথে নৌ ডাকাতি পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ১৮০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির কথা স্বীকার করেছে। সহযোগীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ধীরাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন