আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জমি নিয়ে বিরোধ

বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০

স্টাফ রিপোর্টার, সাভার

বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ২০

সাভারে জমি নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় থানা বিএনপির সভাপতিসহ ২০ জন আহত হয়েছেন। আহতদের সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় নর্থসি ইকো সিটির জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সাভার থানা বিএনপির সভাপতি বনগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন সাইফুল ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান থানা বিএনপির সহসভাপতি সোহেল ইবনে হাসিবের চাচাতো ভাই তানজিলের মধ্যে বিরোধ চলছিল। বেশ কয়েক দিন ধরে বিষয়টিয়ে চরম উত্তেজনা দেখা দেয়।

বিজ্ঞাপন

বুধবার সাইফউদ্দিন সাইফুল কয়েক জন সহকর্মীকে নিয়ে সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে ছিলেন থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুলসহ কমর উদ্দিন, খন্দকার মোস্তাক আহমেদ রনি, আজমত আলী, মোশারফ হোসেন, ডালিম, ওয়াসিম উদ্দিন, ইদ্রিস আলী, সায়েম মোরশেদ, মকবুল হোসেন, রাহুল, আমজাদ আলী। তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরতর আহত কয়েক জনকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নর্থসি ইকো সিটি কর্তৃপক্ষ জানায়, তারা সেখানে আবাসন কোম্পানি গড়ে তুলেছে। বেশ কিছু দিন ধরে একটি পক্ষ তাদের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা দিতে অস্বীকার করায় বুধবার সেখানে হামলা করা হয়। এ সময় তাদের ১০ জনকে মারধর, অফিস ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

সাভার থানা বিএনপির সভাপতি সাইফউদ্দিন সাইফুল বলেন, ওই আবাসন কোম্পানিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা সবসময় আড্ডা দেয়। তারা সক্রিয় হয়ে মিছিল করতে পারে তাই আমরা প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছি। এ ঘটনায় তাৎক্ষণিক হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে একটি পক্ষ মানববন্ধন করেছে। সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, নর্থসি ইকো সিটি নিয়ে সাভার থানা বিএনপির সভাপতি সাইফুদ্দিন সাইফুল ও অপর একটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের হিসেবে মারামারি হয়েছে। দুই পক্ষই অভিযোগ করেছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন