ইতালি প্রবাসী রানা মাতুব্বরের স্ত্রী জেসমিনের (২৫) লাশ পড়েছিল রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেঝেতে। লাশ ফেলে পালিয়ে যায় শ্বশুরবাড়ির লোকজন। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এমন মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বজনদের কান্নায় হাসপাতালের চত্বর ভারি হয়ে উঠে। চিৎকারে ভেঙে পড়েন জেসমিনের বাবার পরিবারের সদস্যরা।
নিহত জেসমিন গোপালগঞ্জ বদরপাশা গ্রামের শাহালম হাওলাদারের মেয়ে। পাঁচ বছর আগে তার বিয়ে হয় রাজৈর পৌরসভার মোল্লা কান্দি গ্রামের আমির মাতুব্বরের ছেলে ও ইতালি প্রবাসী রানা মাতুব্বরের সঙ্গে।
নিহতের স্বজনরা জানান, জেসমিনকে গুরুতর আহত অবস্থায় রোববার সন্ধ্যায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপরই শ্বশুরবাড়ির লোকজন লাশ ফেলে দ্রুত সটকে পড়ে।
নিহতের চাচা সাইফুল হাওলাদার জানান, ‘এটি নিছক দুর্ঘটনা নয়, এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিয়ের পর থেকেই জেসমিন পারিবারিক কলহ ও নির্যাতনের শিকার হয়ে আসছিল। আমরা বারবার আপসের চেষ্টা করেছি, কিন্তু ফল পাইনি।’
জেসমিনের তিন বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রাজৈর থানা ইনচার্জ (ওসি) মাসুদ খান জানান, ‘ঘটনার খবর পেয়েই আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই আসল ঘটনা উদ্ঘাটন করা যাবে। এ বিষয়ে তদন্ত চলছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

