অস্ত্র ও গ্রেনেডসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

অস্ত্র ও গ্রেনেডসহ সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

খুলনায় যৌথবাহিনীর অভিযানে ৩১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি কামরুজ্জামান টুকু (৫৮) গ্রেপ্তার হয়েছেন। শনিবার ভোর রাতে লবণচরা থানাধীন হাজী মালেক কবরস্থান সংলগ্ন বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার বসতঘরের বিছানার নিচে থেকে একটি ওয়ান শুটার গান, ৯ রাউন্ড শটগানের কার্তুজ এবং একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে লবণচরা থানায় মামলা হয়েছে।

বিজ্ঞাপন

সাবেক যুবদল নেতা টুকুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রাতে টুকুর বাড়িতে অভিযান চালায়। এ সময় যৌথবাহিনীর সদস্যরা তার ঘর থেকে একটি এক নলা বন্দুক, ৯ রাউন্ড গুলি ও একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে। গ্রেপ্তারের পর তাকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে তিনি অসুস্থতা বোধ করলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

কামরুজ্জামান টুকু লবণচরা হাজি মালেক কবরস্থান এলাকার বাসিন্দা সিদ্দিকুর রহমানের ছেলে।

ঘটনা প্রসঙ্গে খুলনা মহানগর যুবদল সভাপতি আব্দুল আজিজ সুমন আমার দেশকে বলেন, কামরুজ্জামান টুকু ৩১ নং ওয়ার্ড যুবদলের সদ্য সাবেক সভাপতি। সে দলের একজন পরীক্ষিত ও নির্যাতিত কর্মী। অনেক মামলা ফেস করেছে, বহুবার জেল খেটেছে। তার বিষয়টি আমরা তদন্ত করে দেখবো। সত্যতা পেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন