খুলনার হরিণটানা থানায় দায়ের করা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেন হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার খুলনা, বরিশাল ও পিরোজপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— যশোরের অভয়নগর উপজেলার ধূলগ্রাম-সিদ্ধিপাশা এলাকার শিবপদ সরকারের ছেলে প্রতাপ সরকার (২৮), খুলনার হরিণটানা থানার খানজাহান নগর এলাকার লাল মিয়ার ছেলে তারেক হাসান ওরফে রুবেল (৩৫) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার গুণেরগাতী গ্রামের মনোয়ার হোসেনের ছেলে মো. হাসনাত হাবিব রিফাত (৩০)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালের উজিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতাপ সরকারকে গ্রেপ্তার করে।
কেএমপি ডিবির ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, আজমুল হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের একটি তালিকা সংগ্রহ করা হয়েছিল। ওই তালিকায় প্রতাপ সরকারের নাম ছিল। পরে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোডের খাজা হল গেটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তারেক হাসান ওরফে রুবেলকে গ্রেপ্তার করে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি। সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে হরিণটানা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে মঙ্গলবার ভোররাতে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার কুড়িয়ানা-আদাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. হাসনাত হাবিব রিফাতকে গ্রেপ্তার করে এসআরবি-৬, খুলনা ও এসআরবি-৮, বরিশালের যৌথ দল।
এসআরবি-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান চালানো হয়। আজমুলের মৃত্যুর পর রিফাত আত্মগোপনে ছিলেন বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে রিফাত আজমুল হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি। তবে এ বক্তব্যের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাতে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আজমুল হোসেনকে মারধরের পর একটি ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে হরিণটানা থানায় মামলা করা হয়। মামলায় কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলাটির তদন্ত চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

