এনসিপির কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করে বলেছেন, লালন আখড়াবাড়িতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় পুলিশের অসহযোগিতায় তারা মামলা করতে পারেননি। রাত ১২টার পর কুমারখালী থানা থেকে চলে আসতে বাধ্য হন তারা।
তিনি বলেন, ছাত্রদলের সংগ্রাম হোসেন ও রাফিদ শরিফ পাপন এ হামলার নেতৃত্ব দিয়েছেন। সংগ্রাম কুষ্টিয়া শহর ছাত্রদলের সদস্য ও রাফিদ শরিফ পাপন শহরের রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক।
গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ফেসবুক লাইভে তিনি এই অভিযোগ করেন।
তিনি জানান, গত রোববার কুমারখালী থানাতে এনসিপির নেতাদের ওপর মবের চেষ্টা করা হয়েছে। আমরা যখন থানা কম্পাউন্ডে অবস্থান করছিলাম তখন আমাদেরকে বিভিন্ন স্লাং ল্যাংগুয়েজ (অশ্রাব্য ভাষা) ইউজ করে। এটি আমাদের ওপরে হামলার ক্ষেত্র তৈরির চেষ্টা ছিল। আমাদের পক্ষ থেকে কেউ সামান্যতম এর উত্তর দিলে দেড়শ থেকে দুইশ’ লোক হামলা চালাত।
কুমারখালী ওসির বিরুদ্ধে অভিযোগ করে গতকাল সোমবার বিকালে তালহা আমার দেশকে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার পর আমরা রাত ৯টার দিকে কুমারখালী থানায় গেছি। প্রথমে ওসি জামাল উদ্দিন বললেন আমাদের মামলাটি নেবেন। এরপরে বিভিন্ন টালবাহানা শুরু করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, হামলায় অভিযুক্ত সংগ্রাম হোসেন কুষ্টিয়া শহর ছাত্রদলের সদস্য ও রাফিদ শরিফ পাপন শহরের রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক। তারা জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাতের অনুসারী বলে সূত্র জানিয়েছে।
সূত্রমতে, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি কুষ্টিয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় দ্রুতই জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা হবে। সেই কমিটির সদস্য সচিব হওয়ার চেষ্টা করছেন সংগ্রাম হোসেন।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বির মোবাইলে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি তিনি। পরে আমার দেশের পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও উত্তর দেননি তিনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভেড়ামারা উপজেলা এনসিপির সদস্য সচিব শোভন আহমেদ জানিয়েছেন, রোববার নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েকজন মিলে লালন আখড়াবাড়িসহ কুষ্টিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। বিকালে শিলাইদহ ঘুরে সন্ধ্যায় লালন আখড়াবাড়িতে আসেন তারা। সেখানে বাউলদের গান শুনে বের হওয়ার সময় দুজন নারী পাটোয়ারীর সঙ্গে ছবি তোলার অনুরোধ জানান।
ঠিক সেই মুহূর্তে তাকে উদ্দেশ করে একজন ডিম ছোড়ে। এর পরপরই আরো ২০ থেকে ২৫ জন যুবক এসে গালিগালাজ করতে থাকে।
একজন বলতে থাকে, তুই এখানে কেন আসছিস। এরপর তাকে মারতে উদ্যত হয়। তেড়ে আসা ব্যক্তিদের হাতে লাঠিসোটা ছিল। এ সময় এনসিপির কয়েকজন নেতা আহত হয়েছেন। এরপর বের হওয়ার সময় আখড়াবাড়ির প্রধান ফটকের সামনে গাড়িতে ইটপাটকেল মেরে গ্লাস ভেঙে দেয় তারা।
এনসিপি নেতার অভিযোগের বিষয়ে জানতে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি তিনি।
উল্লেখ্য, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখবাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাকে বহন করা গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশের সাহায্যে এলাকা ত্যাগ করেন তিনি।
এদিকে, কুষ্টিয়ায় পুলিশের বাধায় এনসিপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে। নিরাপত্তার অজুহাতে দলটির পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। এতে মিছিল না করেই ফিরে গেছেন দলটির নেতাকর্মীরা। গতকাল সোমবার বিকালে শহরের পাবলিক লাইব্রেরি মাঠ থেকে এই মিছিল শুরু হওয়ার কথা ছিল। লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছিল দলটি।
সূত্রমতে, বিকাল ৪টা থেকে পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। পরে তারা রাস্তায় বের হতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় তারা সেখানে বিক্ষোভ শুরু করেন।
এ সময় তারা ‘ইনকিলাব-ইনকিলাব জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘পুলিশ দিয়ে রাজনীতি, চলবে না চলবে না’, ‘দালালি না রাজপথ, রাজপথ-রাজপথ’, ‘কে এসেছে কে এসেছে-স্বৈরাচারের দোসররা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এ সময় কার অনুমতিতে তাদের বাধা দেওয়া হচ্ছে সেটা পুলিশের কাছে জানতে চান এনসিপির নেতাকর্মীরা। দলটির জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসি টনি সাংবাদিকদের বলেন, পুলিশ আমাদের রাস্তায় বের হতে দিচ্ছে না। কার আদেশে এবং কেন সেটাও বলছে না।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, আমাদের কাছে তথ্য আছে তারা পাবলিক লাইব্রেরি মাঠে বিক্ষোভ করবে। আইনশৃঙ্খলার অবনতির কারণে তাদের রাস্তায় যেতে দেওয়া সম্ভব হচ্ছে না।
এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসি টনি, সদস্য সচিব সুলতান মারুফ তালহাসহ দলটির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

