বাগেরহাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত

বাগেরহাটে এনসিপির ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ অনুষ্ঠিত

‘জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে বাগেরহাটে ‘জুলাই পদযাত্রা ও পথসভা ২০২৬’ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা শাখা।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ড. মাহমুদ মিতু।

এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, সংগঠক ওয়াহিদুজ্জামান, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, কেন্দ্রীয় নারীশক্তির সংগঠক আজরীন আরবি নওরিন, বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক ও বাগেরহাট পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেল, জেলা সদস্য সচিব ও ফকিরহাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী লাবীব আহমেদ এবং যুবশক্তির আহ্বায়ক ও চিতলমারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক আহমেদ জামি।

প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় তিনি বাগেরহাট পৌরসভার মেয়র প্রার্থী সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলকে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

পথসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়ন, সুশাসন ও তরুণ নেতৃত্বের বিকাশে দলের বিভিন্ন কর্মসূচির বিষয়েও বক্তব্য দেন।

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন