মাদক সেবনের প্রতিবাদ করা নিয়ে বিরোধের জেরে নড়াইলে মাদকসেবীর ছুরিকাঘাতে এক ভ্যানচালককে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন। শনিবার দিবাগত রাত ১০টার দিকে কালিয়া উপজেলার পিরোলী ইউনিয়নের কদমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মানসুর মোল্লা (৪৮) কদমতলা গ্রামের হাবি মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কদমতলা গ্রামের লিপ্টন মোল্লার ছেলে হাসিব মোল্লা (২২) ও তার সহযোগীরা প্রকাশ্যে মাদক সেবন, অনলাইন জুয়া এবং প্রতারণাসহ বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের এসব অপকর্মে অতিষ্ঠ হয়ে সম্প্রতি গ্রামের ইউপি সদস্য কাছেদ মোল্লার উদ্যোগে একটি মাদকবিরোধী সভার আয়োজন করা হয়। এর জের ধরে কাছেদ মোল্লা হাসিবের রোষানলে পড়েন এবং তার হাতে হেনস্তার শিকার হন।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে কাছেদ মেম্বারের চাচাতো ভাই মানসুর মোল্লা ও নূর ইসলামের বাড়ি থেকে সামান্য দূরে নড়াইল-পিরোলী আঞ্চলিক সড়কের এসকেন বিশ্বাসের মুদিদোকানের সামনে হাসিবের কাছে কাছেদ মেম্বারকে হেনস্তার কারণ জানতে চান। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে হাসিব নিজের কাছে থাকা ছুরি দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালান। ছুরিকাঘাতে মানসুর মোল্লা ঘটনাস্থলেই নিহত হন এবং নূর-ইসলাম গুরুতর আহত হন। আহত নূর ইসলামকে চিকিৎসার জন্য নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্ত্রী নিলুফা বেগম শোকে অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। স্বজন ও এলাকাবাসী এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, অভিযুক্ত হাসিবকে দ্রুত গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

