আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ভোটের কালি মুছে যাবার আগে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ইতিমধ্যে কৃষককে কৃষি কার্ড দেওয়া হচ্ছে। কৃষকদের দশ হাজার কোটি টাকা কৃষি লোন মওকুফ করা হয়েছে।
তিনি শুক্রবার ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটাই বাজারে রাজনৈতিক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এসেছে, কারো পিটানোর জন্য নয়। তিনি আওয়ামী লীগের উদ্দ্যেশে বলেন, আপনাদের নেত্রী দেশে এলে আপনারা মনে করছেন আমরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকব? তা হবে না। শেখ হাসিনা দেশে এলে আমরা হাতকড়া নিয়ে দাঁড়িয়ে থাকব।
আসাদুজ্জামান আরো বলেন, আওয়ামী লীগের আমলে সাড়ে ৪ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। পর্যায়ক্রমে এসব কিছুরই বিচার করা হবে।
তিনি আরো বলেন, এক মন ধানে ৩ কেজি ধান বেশি নেওয়া হচ্ছে। এই ব্যবসা চলবে না। কেউ যদি এটা করে তাহলে তার ঠিকানা হবে কারাগার।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, বিএনপির কেন্দ্রীয় নেতা রাশেদুজ্জামান মিল্লাত, জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেনসহ প্রমুখ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-7f6e78.jpg)