বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিরোধী দলের প্রার্থীদের হারানো হলেও দেশের স্বার্থে সহিংসতা এড়ানোর জন্য ফলাফল মেনে নেওয়া হয়েছে। তিনি সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপকে গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলে অভিযোগ করেন এবং জুলাই সনদ এর ভিত্তিতে সংস্কার ও অন্তর্বর্তীকালীন নির্বাচনী ব্যবস্থার আহ্বান জানান।
মঙ্গলবার বিকেলে খুলনার শিরোমণি খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় ময়দানে খানজাহান আলী থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
খানজান আলী থানা আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও এ টি এম গাউসুল আযম হাদি, জেলা কর্মপরিষদ সদস্য শেখ সিরাজুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, মোস্তফা আল মুজাহিদ, মুহাম্মদ আশরাফুল আলম, গাজী মোর্শেদ মামুন প্রমুখ।
মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, বিরোধী দলে আমরা যারা আছি, অনেক গুরুত্বপূর্ণ আসনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হারানো হলেও দেশের স্বার্থে সহিংসতা, উত্তেজনা ও বিভাজন এড়াতে কষ্টের সঙ্গে ফলাফল মেনে নিয়েছি। তিনি দাবি করেন, নির্বাচনের আগে ও পরে সরকার গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ভিন্ন পথে হাঁটছে।
তিনি অভিযোগ করেন, ছয়টি সিটি করপোরেশনে নির্বাচন ঘোষণা না করে প্রশাসক নিয়োগ, বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক পদে পরিবর্তন এবং সংসদ অধিবেশন শুরুর আগেই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে। এসব পদক্ষেপ থেকে সরে এসে সংসদে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি।
নিজ নির্বাচনী এলাকার ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ঘোষিত ফল অনুযায়ী সামান্য ভোটের ব্যবধানে তিনি পিছিয়ে থাকলেও ৬ হাজার ৫০০ ব্যালট বাতিল করা হয়েছে, যার বড় অংশই তার প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে ছিল বলে দাবি করেন। তার ভাষ্য, অনেক ক্ষেত্রে ভাঁজ করার সময় কালি লেগে যাওয়া বা আঙুলের টিপের কালি ছড়িয়ে পড়াকে অজুহাত করে ভোট বাতিল করা হয়েছে।
তিনি বলেন, আমার জয়ের জন্য ১৪০০ ভোটই যথেষ্ট ছিল। বাতিল ব্যালটগুলো পুনরায় যাচাই করা হলে প্রকৃত ফল ভিন্ন হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে এবং ট্রাইব্যুনালে রিট দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

