গাংনীতে অস্ত্র ঠেকিয়ে ভ্যান ছিনতাই

গাংনীতে অস্ত্র ঠেকিয়ে ভ্যান ছিনতাই
ছবি: আমার দেশ

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী-দেবীপুর সড়কে দেশীয় অস্ত্রের (হাসুয়া) মুখে জিম্মি করে গাছের সঙ্গে বেঁধে দুটি পাখিভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোরে বামন্দী-দেবীপুর সড়কের একটি কালভার্টের কাছে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হওয়া তিনজনের বাড়ি নওদাপাড়া ও একজনের বাড়ি দেবীপুর গ্রামে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী সোহান আলী বলেন, ‘আমরা নওদাপাড়া থেকে ষোলটাকার উদ্দেশে মাছ ধরার জন্য যাচ্ছিলাম। দেবীপুর থেকে বামন্দীর রাস্তায় ঢুকতেই বাঁশ ঠেকিয়ে আমাদের গতি রোধ করে। আমরা ফজরের আজানের পরপরই যাচ্ছিলাম। তাদের কাছে ধারালো হাঁসুয়া ও লাঠি ছিল।’

পরে আমাদের মাঠের ভেতর নিয়ে গিয়ে বেঁধে রেখে ভ্যান নিয়ে চলে যায়। কাছে থাকা নগদ ৫ হাজার ৫০০ টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি বলেন, ‘ছিনতাইকারী সদস্যদের মুখ বাধা ছিল। ফজরের আজানের পরপরই এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করতে পারিনি। আমরা ভ্যানে তিনজন ছিলাম। আমাদের মাছধরার জাল আর হাঁড়ি রেখে যায় ছিনতাইকারীরা।’

দেবীপুর গ্রামের রুহুল আমিন বলেন, ‘দেবীপুর পার হয়ে একটি কালভার্টে পৌঁছাতেই দুজন ভ্যানে উঠে পড়ে। আর সামনে দুজন বাঁশ নিয়ে দাঁড়িয়ে ছিল। আমি ভ্যান ঘোরাতে গেলে তারা লাঠি দিয়ে আমার হাতে আঘাত করে। তারা সামনে আরো কয়েকজন ছিল। পরে আমাকে মাঠের ভিতরে নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। আমার কাছে থাকা নগদ ৭০০ টাকাও নিয়ে যায় তারা। পরে আমার ডাকাডাকি শুনে এলাকার লোকজন ছুটে এসে আমার হাতের বন্ধন খুলে দেয়।’

বামন্দী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম বলেন, শুক্রবার ফজরের আজানের পরপরই বামন্দী-দেবীপুর সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেখানে  দুটি পাখিভ্যান ও নগদ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

বামন্দী ক্যাম্পের এসআই জহুরুল ইসলাম বলেন, ‘আমরা ছিনতাইয়ের ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ছিনতাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন