খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের সহযোগী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। পরিচয় বদলে দীর্ঘ ২৭ বছর ভারত ও কুয়েতে আত্মগোপনে ছিলেন তিনি। দেশে ফেরার পর গত শনিবার রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮) তাকে গ্রেপ্তার করে।
রোববার এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) ওয়ালিদ হাসান মিঠু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এসআরবি-৮ এবং এসআরবি-৬-এর একটি দল খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জয়নাল বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কেএমপির সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি আরো জানায়, তার বিরুদ্ধে খুলনার রূপসা থানায় ১৯৯৯ সালে একটি হত্যা মামলা হয়। মামলায় জয়নালের অপরাধ প্রমাণ হওয়ায় ২০২৫ সালের ৩ ডিসেম্বর আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে লাশ গুমের অপরাধে পৃথকভাবে আরো পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

