জুট মিলের জায়গায় ফিড কারখানা, খুলনায় শ্রমিকদের বিক্ষোভ

খুলনা ব্যুরো

জুট মিলের জায়গায় ফিড কারখানা, খুলনায় শ্রমিকদের বিক্ষোভ

আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল চালু না করে সেখানে ফিড কারখানা স্থাপনের অভিযোগ উঠেছে মাহাবুব এন্ড কোং-এর বিরুদ্ধে। এর প্রতিবাদে মিলটি পুনরায় জুট মিল হিসেবে চালুর দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পাটকল শ্রমিকরা।

রোববার সকাল পৌনে ১০টার দিকে বন্ধ হয়ে যাওয়া প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা ক্রিসেন্ট জুট মিলের গেটে সমবেত হন। পরে তারা মিল চালুর দাবিতে বিক্ষোভ মিছিল করেন এবং মিল গেটের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী পাটকল শ্রমিক দল, খুলনা আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, প্লাটিনাম এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. আশরাফ হোসেন, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল, সাধারণ সম্পাদক মো. সবুজ হাওলাদার, ক্রিসেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, খালিশপুর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সম্পাদক মো. মনির হোসেন, শ্রমিক নেতা মোশারফ হোসেন, মো. মঈন উদ্দীন, মো. সেলিম, মো. আ. রাজ্জাক তালুকদার, মো. সাইদুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন।

বক্তারা বলেন, রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে সেখানে পাটকল চালু না করে ফিড কারখানা স্থাপন করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা পাটকলটি পুনরায় চালুর সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে বলে তারা দাবি করেন।

তারা অনতিবিলম্বে ফিড কারখানা বন্ধ করে ক্রিসেন্ট জুট মিলকে পুনরায় জুট মিল হিসেবে চালু করার জন্য সরকারের প্রতি দাবি জানান। একই সঙ্গে বন্ধ থাকা পাটকলগুলো চালুর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানান তারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন