সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে বজ্রপাতে শওকত গাজী (৫৫) নামের এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বনতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শওকত গাজী আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল সামাদ গাজীর ছেলে।
তার চাচাতো ভাই আব্দুল খালেক জানান, শুক্রবার দুপুরে বনতলা এলাকায় কাঠের কাজ করছিলেন শওকত গাজী। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়রা জানান, শওকত গাজী দীর্ঘদিন ধরে কাঠমিস্ত্রির কাজ করতেন। পাশাপাশি বিভিন্ন স্থানে দিনমজুরের কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তিনি পাঁচ সন্তানের জনক।
প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

