কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

কালিগঞ্জে রাফাত হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
ছবি: আমার দেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বারদহা বাজারে কিশোর রাফাত হোসেনের (১৭) মৃত্যুরহস্য উদঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বৈরী আবহাওয়ার মধ্যেও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শত শত নারী-পুরুষ, কিশোর, যুবক ও প্রবীণ অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন রুহুল কুদ্দুস গাজী।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে রুহুল কুদ্দুস গাজী বলেন, একটি কিশোরের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে আড়াল করার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন রাফাতের মা শাহানারা খাতুন, আব্দুল লতিফ সরদার, আজিজুল ইসলাম, আব্দুল মালেক, রফিকুল ইসলাম, রমজান আলী, আলতাফ হোসেন, আবুল কাশেম, মাছুম বিল্লাহ ও শফিকুল ইসলাম।

রাফাতের মা শাহানারা খাতুন অভিযোগ করেন, তার ছেলে স্থানীয় আক্তার হোসেনের মুরগির ফার্মে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ১৩ জুন তাকে হত্যা করে ফার্মে ঝুলিয়ে রেখে ঘটনাকে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তদন্তে ধীরগতি ও গাফিলতির কারণে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলেন, নিরপেক্ষ তদন্ত ছাড়া প্রকৃত সত্য উদঘাটন সম্ভব নয়। অপরাধীরা যত প্রভাবশালীই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন তারা।

আব্দুল লতিফ সরদার অভিযোগ করেন, ফার্ম মালিকের ছেলে অলিদ হোসেনের বিরুদ্ধে আগেও বিভিন্ন ধরনের নির্যাতন ও হয়রানির অভিযোগ ছিল। তার দাবি, এবার সেই ঘটনারই করুণ শিকার হয়েছেন দিনমজুরের ছেলে রাফাত। তিনি বলেন, আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তান হওয়ায় রাফাতের পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়।

আবুল কাশেম বলেন, রাফাতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এলাকাবাসী শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবে। মাছুম বিল্লাহ অভিযোগ করেন, একাধিক কর্মসূচি পালন এবং পুলিশের কাছে বারবার আবেদন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

শফিকুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার দিন ফার্মে কর্মরত অবস্থায় রাফাতকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। বিষয়টি পুলিশকে বারবার জানানো হলেও তদন্তে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যাচ্ছে না। তিনি প্রশ্ন রেখে বলেন, গরিব বলে কি আমাদের বিচার পাওয়ার অধিকার নেই?

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ঘটনার রহস্য উদঘাটন, নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন