কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ধসে নিহত ২

কালিহাতীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়াল ধসে নিহত ২

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে বাসের সুপারভাইজারসহ অন্তত দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার রাত ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পৌলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ছেড়ে আসা ‘যমুনা এন্টারপ্রাইজ’-এর একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটি মহাসড়কের কালিহাতীর পৌলি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশে একটি দেয়ালের সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খায়। এতে বাসের সামনের অংশে থাকা সুপারভাইজার এবং এক অজ্ঞাতনামা যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ৩ জন।

সংবাদ পেয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্য ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে এবং আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন