মাদকবিরোধী অভিযানে পিতা–পুত্র গ্রেপ্তার, গাঁজা ও ইয়াবা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

মাদকবিরোধী অভিযানে পিতা–পুত্র গ্রেপ্তার, গাঁজা ও ইয়াবা উদ্ধার

সাতক্ষীরার শ্যামনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত পিতা–পুত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নওয়াবেঁকী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের পশ্চিম বিড়ালক্ষ্মী এলাকার ফারুকুল ইসলাম বুলবুল (৩৩) এবং তার পিতা শাহানুর মোল্যা (৫৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার একটি টিম আটুলিয়া ইউনিয়নের কাছারী ব্রিজ বাজার এলাকায় অবস্থান নেয়। পরে নওয়াবেঁকী বাজার ব্যবস্থাপনা কমিটির অফিস সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই পিতা–পুত্র পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।

এ সময় ফারুকুল ইসলামের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ৪৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে দোকানের ভেতর থেকে আরও ১৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পিতা–পুত্র চায়ের দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং এলাকার তরুণদের কাছে এসব মাদক সরবরাহ করত।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেকুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন