মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় খুলনার সাংবাদিক সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা দায়ের, তার কিশোর সন্তানকে পুলিশ কর্তৃক তুলে নিয়ে যাওয়া এবং পরিবারের সদস্যদের হয়রানির ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এলাকায় মাদক নির্মূল ও পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলনে সাংবাদিক সাইফুল্লাহ তারেকের ভূমিকার কারণে এবং স্থানীয় ওসির অনিয়মের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে এ হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্ত ছাড়াই একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রেকর্ড করা এবং পুলিশের এমন অতিউৎসাহী ভূমিকা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। বিৃবতিতে অনতিবিলম্বে সাইফুল্লাহ তারেকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও কাল্পনিক মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন-এমইউজে খুলনার সভাপতি রাশিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

