খুলনার পাইকগাছায় পিকনিকের জন্য কেনা গরুর গোশত রান্নার সময় লালচে রং পরিবর্তন হয়ে সবুজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুরে পৌরসভার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য কেনা মাংস রান্না করতে গিয়ে বিষয়টি দেখতে পান। পরে তারা রান্না করা মাংসসহ কড়াই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানায় যান।
জানা গেছে, মডার্ন বেকারির ২৫ জন কর্মচারী বুধবার গরুর গোশত দিয়ে পিকনিকের আয়োজন করে। এ জন্য সকালে তারা পাইকগাছা বাজারের গোশত ব্যবসায়ী ইসমাইলের দোকান থেকে গোশত কিনতে যান।
ব্যবসায়ী ইসমাইল তাদের জানান, ওই দিন জবাই করা গরুর সব গোশত ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তবে তার দোকানের ফ্রিজে ভালো গোশত সংরক্ষিত রয়েছে। প্রয়োজন হলে সেখান থেকে গোশত দেওয়া যাবে।
পরে সকাল ১০টার দিকে বেকারির কর্মচারী টিটন হোসেন ওই দোকান থেকে চার কেজি গোশত কিনে নিয়ে যান। এরপর পিকনিকের জন্য প্রয়োজনীয় বাজার-সদাই করে তারা কড়াইতে গোশত রান্না শুরু করেন।
রান্নার প্রায় অর্ধেক শেষ হওয়ার পর কর্মচারীরা দেখতে পান, গোশতের স্বাভাবিক লালচে রং পরিবর্তন হয়ে সবুজ হয়ে গেছে। বিষয়টি দেখে তারা গোশতসহ কড়াইটি নিয়ে প্রথমে বিক্রেতা ইসমাইলের দোকানে যান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে কড়াইসহ রান্না করা গোশত নিয়ে থানায় হাজির হন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তবে রান্নার সময় কী কারণে গোশতের রং সবুজ হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো কারণ জানা যায়নি। স্থানীয়দের কেউ কেউ গোশতে রাসায়নিক বা অন্য কোনো উপাদান ব্যবহারের আশঙ্কা করছেন।
গোশত বিক্রেতা ইসমাইল বলেন, আমি ভালো গোশতই বিক্রি করেছি। গোশতে কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়নি। তারা হয়তো রান্নার সময় অন্য কোনো কেমিক্যাল ব্যবহার করেছেন। আমার দোকান থেকে আরও অনেকেই গোশত কিনে নিয়ে গেছেন। কিন্তু এখন পর্যন্ত কেউ এমন অভিযোগ করেননি।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

