সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২, জিম্মি ৯ জেলে উদ্ধার

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২, জিম্মি ৯ জেলে উদ্ধার

সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের আদাছগি এলাকায় কিছু জেলেকে জিম্মি করে রেখেছিল। পরে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে।

বিজ্ঞাপন

পরবর্তীতে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে দুটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং ১টি দেশীয় অস্ত্রসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে আটক করে। এসময় তাদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে গমন করলে গতকাল রাতে রাঙ্গা বাহিনীর সদস্যরা তাদের আটক এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা।

আটককৃত ডাকাত-সহযোগী নাসির মোল্লা (৩১) এবং মিন্টু সরদার (৪০) বাগেরহাট এবং খুলনা জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন যাবৎ রাঙ্গা বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল।

শুক্রবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম- উল-হক আমার দেশকে এ তথ্য জানান।

উদ্ধারকৃত জেলে, আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন